রাত্রির উপকূলে
অনুষঙ্গ সূর্যের এপার ওপার পারাপার—
আলোর সর্বব্যাপ্ত অগুন্তি মারীচ দৃষ্টির
মোহজালে সব কিছুকে প্রকাশের নাম দিন,
আলো যখন আর নেই রাত শুধু রাত।
আরেক উপলব্ধি রাত্রির—
আলোর ওপারে এক অপার অন্ধকারে
অন্তর্লোকে নিজেকে স্পষ্ট করে দেখা
পরতে পরতে আচ্ছাদন খুলে রাত্রির সঙ্গমে
অন্ধকারে অবগাহন করে আত্মার গভীরে
একান্ত প্রহরে উপলব্ধির প্রত্যন্তে পৌঁছে গিয়ে
বেদনার অন্যপারে আলোহীনতায়
আলো পেয়ে যাওয়া।
রাত্রিরও রূপ আছে, রঙের বাহারি নকশা
মিহিন কারুকাজে খচিত নক্ষত্রের আকাশ আছে,
জ্যোৎস্না বিলসিত অরণ্য কান্তার জনপদে
শীতল প্রবাহের অতলান্ত রূপবাহারী সমুদ্র আছে।
তারও পরে সর্বকালীন সর্বজয়ী অন্ধকারের
মহাসমুদ্রের নীরব মহাকল্লোলও আছে।
এমন রাত্রির তরঙ্গে সাঁতরে বোধের উপকূলে
পৌঁছে যেতে চাই।
কাজরী,
২৮ মে, ২০১৬
.png)
0 comments: